সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ করল সেবা প্রকাশনী

প্রকাশ :

সংশোধিত :

জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আজ বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

প্রকাশনাটির অংশীদার কাজী শাহনূর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের ভেতরে অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ ওঠায় বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত ও অডিটের স্বার্থে সাময়িকভাবে সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পাঠক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে কার্যক্রম কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

বাংলাদেশের প্রকাশনা জগতে সেবা প্রকাশনী দীর্ঘদিন ধরে একটি সুপরিচিত নাম। কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন। বিশেষ করে ‘তিন গোয়েন্দা’, ‘মাসুদ রানা’, ‘কুয়াশা’সহ বিভিন্ন জনপ্রিয় সিরিজের মাধ্যমে এটি কিশোর ও তরুণ পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

অ্যাডভেঞ্চার, গোয়েন্দা গল্প, থ্রিলার ও অনুবাদ সাহিত্য প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলা জনপ্রিয় সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সাম্প্রতিক এই সিদ্ধান্ত পাঠকমহল ও বইপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ খবর